স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
প্রথমবারের মত অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলতে নেমেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাসও গড়ে লাল-সবুজের দল। তবে মোসাম্মৎ সাগরিকার পায়ের জাদুতে ইতিহাস সৃষ্টি হলেও শেষ হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছে দলকে। থাইল্যান্ডের ১০ মিনিটের ঝড়ে লাল-সবুজের দল হেরেছে ৩-২ গোলে।
ঘরের মাঠ থাম্মাসাত স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে থাইল্যান্ড। দারুণ সব আক্রমণে ব্যস্ত রেখেছে বাংলাদেশ রক্ষণভাগ। বাংলাদেশও প্রতি-আক্রমণে বেশ কয়েকবারই চমক দেখিয়েছে। খেলার ধারার বিপরীতে গিয়েই প্রথমার্ধে লিড পায় বাংলাদেশ।
ম্যাচের ৩৬ মিনিটে মৌমিতা খাতুনের নিখুঁত এক পাস থেকে বল পান সাগরিকা। এরপর গোলরক্ষককে পরাস্ত করে দলকে উদযাপনের মুহূর্ত উপহার দেন সাগরিকা। বাংলাদেশ বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের গোলের দেখা পায় বাংলাদেশ। থাইল্যান্ডের আক্রমণ সামলে প্রতি আক্রমণেই আসে গোল। ৫০ মিনিটে উমেহলা মারমার থ্রু পাস থেকে বল পেয়ে থাই রক্ষণ পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল পান সাগরিকা। কদিন আগেই সিনিয়র এশিয়ান কাপে প্রথমবারের মত খেলেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচে কোনো গোল করতে পারেনি লাল-সবুজের দল। এশিয়ান কাপের কোনো আসরে এবারই প্রথম গোল পেল বাংলাদেশ।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে থাইল্যান্ড। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে সুযোগ পায় থাইরা। বক্সের ভেতর সুরভী আক্তার আরফিন প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি কুরিসারা লিমপাওয়ানিচ।
৭৫ মিনিটে আবার পেনাল্টি পায় থাইল্যান্ড। এবার নবীরণ খাতুন বক্সের ভেতর আউল করে থাইল্যান্ডকে পেনাল্টি এনে দেন। স্পটকিক থেকে গোল করেন থাই অধিনায়ক রিনইয়াফাত মুনদোং। এরপর ৭৯ মিনিটে লিডের দেখাও পায় থাইরা। শেষ পর্যন্ত থাই আক্রমণ সামলে আর গোল করতে পারেনি বাংলাদেশ, মাঠ ছাড়তে হয় ৩-২ গোলের পরাজয় নিয়ে।