স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। ক্রিকেট তাসমানিয়ার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন টাইগার তারকা। হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন তিনি।
প্রথম মৌসুমেই দলটির হয়ে সর্বোচ্চ ১৫টি উইকেট শিকার করেন রিশাদ। তার সেরা বোলিং ফিগার ৩/২৬, গড় ২০.৮৬ এবং ইকোনমি রেট ছিল ৭.৮২ যা পুরো টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিকতার প্রমাণ।
এর আগে বিগ ব্যাশের ১৪তম আসরে হোবার্ট দলে জায়গা পেলেও খেলার সুযোগ পাননি তিনি। তবে এবার সুযোগ পেয়েই নিজের সামর্থ্য দেখিয়েছেন এই লেগস্পিনার। দ্রুতই দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

পুরো টুর্নামেন্টজুড়ে তাকে ব্যবহার করা হয়েছে ইনিংসের শুরুতেই, বিশেষ করে পাওয়ারপ্লের পরপরই। সেই দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেছেন, দলের জন্য এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট এবং রান আটকে রাখার কাজও করেছেন দক্ষতার সঙ্গে।
এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডানের মতো খেলোয়াড়দের। সব মিলিয়ে, বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমেই স্মরণীয় এক অধ্যায় লিখলেন রিশাদ হোসেন।