স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
আইপিএলের আকর্ষণীয় পারিশ্রমিক ও সুযোগ অনেক বিদেশি তারকাকেই টানে। তবে এবার সেই ধারা ভেঙে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি জানিয়েছেন, আইপিএলে তার দক্ষতার বিপরীতে পারিশ্রমিক কম এবং সূচি খুবই দীর্ঘ।
জাম্পা গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলেছিলেন। ডিসেম্বরের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়। এরপর তিনি নিলামের তালিকায় নামই দেননি। পরিবর্তে করাচি কিংসে যোগ দেন পিএসএলে। করাচি কিংস তাকে নিলামে ৪.৫ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায়।
এআরওয়াই নিউজের পডকাস্টে জাম্পা আইপিএল ছাড়ার কারণ স্পষ্ট করে বলেন, ‘যাদের দক্ষতা আমার মতো, তারা আইপিএলে অন্য ক্যাটাগরির খেলোয়াড়দের মতো টাকা পান না। যে পরিমাণ সময় ও পরিশ্রম দিতে হয়, সেই হিসেবে এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি।’
তিনি আরও জানান, বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু মাসখানেক আগে পিএসএলের প্রস্তাব আসায় সবকিছু দ্রুত এগিয়ে যায়। এখন তিনি এখানে খেলা উপভোগ করছেন।
পিএসএলের চলতি মৌসুমে করাচি কিংসের হয়ে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলছেন জাম্পা। এখন পর্যন্ত দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন ৪.৬২ ইকোনমি রেটে।
আইপিএলে না খেললেও ইতিহাসে তার একটি রেকর্ড এখনও অটুট। ২০১৬ সালে অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখনও তার দখলে।
জাম্পা এখন পর্যন্ত পাঁচটি আইপিএল মৌসুম খেলেছেন। গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ২.৪০ কোটি টাকায় কিনেছিল, যা তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।