স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। এর আগে ২০২৪ সালে শেষবার জিম্বাবুয়ে সফর করেছিল ভারত। সেই সিরিজে শুভমান গিলের নেতৃত্বে তরুণ দল নিয়ে খেলতে নেমে প্রথম ম্যাচ হারলেও পরের চারটি জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ভারত।
জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভেমোরে মাকোনি বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বিশাল আগ্রহ। নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ।” তিনি আরও যোগ করেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স ছিল উৎসাহজনক। এই সিরিজ আমাদের জন্য ছন্দ ধরে রাখা এবং আরও উন্নতির একটি বড় মঞ্চ।”
এদিকে, ২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের ভারত সফরের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে বিসিসিআই তাদের ২০২৬-২৭ মৌসুমের সূচিতে এটি অন্তর্ভুক্ত করেছে। সেই সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে জিম্বাবুয়ে- ৩ জানুয়ারি কলকাতা, ৬ জানুয়ারি হায়দরাবাদ এবং ৯ জানুয়ারি মুম্বাইয়ে।
মাকোনি বলেন, “দুই দশকের বেশি সময় পর আবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ, সেখানে খেলা আমাদের জন্য সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।” তিনি আশা প্রকাশ করেন, এই সিরিজগুলো দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও মজবুত করবে এবং জিম্বাবুয়ের খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা এনে দেবে।