স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ের পর আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরেছে। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রদ্রিগো ডি পল শুধু জয় নয়, দলের ভেতরে তৈরি হওয়া বিভাজন ও সমালোচনার বিষয়টিও সরাসরি মোকাবিলা করেছেন।
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে ছিল না চেনা ঝলক। সেই ম্যাচের পর লিওনেল মেসি ও ডি পলসহ অনেক খেলোয়াড়কেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। নিন্দুকদের তোপের মুখে পড়া দলটি জাম্বিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাঁচ গোল করে। মেসি ও নিকোলাস ওতামেন্দি একটি করে গোল করেন।
ম্যাচের পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি পল দলের দুই অভিজ্ঞ তারকাকে রোল মডেল হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা মাঠে নেমে বিষয়টা উপভোগ করার চেষ্টা করেন। আমরা তাদের পথ অনুসরণ করি। প্রতিবার জাতীয় দলে এসে আমরা একই মানসিকতা নিয়ে খেলি। ফুটবল খেলতে, আর্জেন্টিনা যা প্রতিনিধিত্ব করে সেটা ধরে রাখতে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক সময় ঐক্যের বদলে বিভাজন আর বিতর্ক তৈরি করা হয়। আমরা চাই মানুষ এটা বুঝুক।’
এ সময় হঠাৎ করেই রাজনীতির প্রসঙ্গ টেনে আনেন ডি পল। স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা ফুটবলার। আমরা এখানে ফুটবল খেলতে আসি। রাজনীতি আমাদের এলাকা নয়, আমরা সেটা বুঝিও না। যারা রাজনীতি বোঝেন, তাদেরই সেই কাজ করা উচিত। আমাদের বিচার করা হোক শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে।’
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় দলের জার্সির সম্মান মাঠেই প্রমাণ করতে চান তারা। নেতৃত্বেরও উচিত এই বার্তা দেওয়া যে, তারা মাঠে খেলেই দেশকে প্রতিনিধিত্ব করে।
কোন নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির কথা বলছেন; এমন প্রশ্নের উত্তরে ডি পল সরাসরি কাউকে নাম না করে বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট বিষয় তুলছি না। তবে ভুল তথ্য ছড়ানোর চেয়ে সঠিক তথ্য ছড়ানো ভালো। বিশ্বকাপ আর মাত্র দুই মাস দূরে। এই সময় সবচেয়ে জরুরি হলো ঐক্যবদ্ধ থাকা।’
ডি পল স্মরণ করিয়ে দেন, ‘জিতলে আমরা সবাই জিতি, হারলে দায়টা খেলোয়াড়দেরই নিতে হয়। মাঠে যা ঘটে, তার পুরো দায়িত্ব আমাদের। বিশ্বকাপ জিতেছিলাম কারণ সমর্থকরা আমাদের প্রয়োজনীয় প্রেরণা দিয়েছিলেন।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে ডি পল পুরো দেশের কাছে ঐক্যের আহ্বান জানিয়েছেন। ‘এখন যা গড়ে উঠেছে, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা ন্যায্য নয়। আমরা সামনে এগোব, পেছনে ফিরব না,’ বলেন তিনি।
এসটি