images

স্পোর্টস / ফুটবল

৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরল ইরাক। মঙ্গলবার মেক্সিকোয় আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে জায়গা করে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি যা ছিল ২০২৬ বিশ্বকাপের শেষ নিশ্চিত হওয়া দল।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কঠিন প্রস্তুতির মধ্য দিয়েই ম্যাচে নামতে হয়েছিল ইরাককে। তবুও দারুণ লড়াই করে জয় তুলে নেয় তারা। এবার গ্রুপ ‘আই’-এ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে খেলবে ইরাক।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ইরাক। নবম মিনিটেই লিড এনে দেন আলি আল-হামাদি। লুটন টাউন স্ট্রাইকার কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে ভালো খেললেও ৩৮ মিনিটে সমতায় ফেরে বলিভিয়া। রামিরো ভাকার শট থেকে বল পেয়ে ময়েসেস পানিয়াগুয়া দারুণ ফিনিশে গোল করেন। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ইরাক। ৫৩ মিনিটে মার্কো লওক-ফারজির ক্রস থেকে অধিনায়ক আয়মান হুসেইন প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান।

শেষ দিকে বলিভিয়া সমতায় ফেরার জন্য চাপ বাড়ালেও ইরাকের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা সামলে নেয়। যোগ করা সময়ের টানটান মুহূর্ত পেরিয়ে অবশেষে আসে ঐতিহাসিক জয়। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ইরাকের। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল তারা। এবার আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে দলটি।

অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ডের জন্যও এটি বড় সাফল্য। যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন তিনি, তবে সব প্রতিকূলতা পেরিয়েই দলকে বিশ্বকাপে তুললেন।

তিন দিনের দীর্ঘ ভ্রমণ শেষে মাঠে নেমেও ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি ইরাকের খেলায়—বরং দৃঢ়তা আর লড়াইয়ের মানসিকতাই এনে দিয়েছে এই স্মরণীয় জয়।