images

স্পোর্টস / ফুটবল

২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক, দেখা হচ্ছে না চারবারের চ্যাম্পিয়নদের

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে একসঙ্গে দুটি বড় ঘটনা ঘটে গেল। একদিকে তুরস্ক ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে আবার মূল পর্বে ফিরেছে, অন্যদিকে ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

কসোভোর রাজধানী প্রিস্টিনায় স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তুরস্ক। ম্যাচের ৫৩তম মিনিটে ওরকুন কোকচুর মিস-হিট শট ব্যাক পোস্টে লেগে ফিরলে সেটি জালে পাঠিয়ে দেন কেরেম আক্তুরকোগ্লু। এই এক গোলেই ভিনসেঞ্জো মন্তেল্লার দল নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট।

প্রথমার্ধে কসোভো দারুণ লড়াই করেছিল। ফিসনিক আসলানির শট গোলরক্ষক উগুরকান চাকিরের আঙুলের ছোঁয়ায় ক্রসবারে লেগে ফিরে না আসলে ম্যাচের চিত্রই পালটে যেতে পারত। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা তুর্কিরা শেষ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। ২০০২ সালের সেমিফাইনালিস্ট তুরস্ক এরপর দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপের মূল পর্বে ফিরতে পারেনি। 

তুরস্ক এবার ‘সি’ গ্রুপে পড়েছে আয়োজক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সঙ্গে।

একইদিনে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ইতালিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ইতিহাস গড়েছে। জেনিৎসার বিলিনো পোলজে স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে বসনিয়া ৪-১ ব্যবধানে জয় পায়।

ইতালি ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল মইসে কিনের গোলে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে বেরিয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় আজ্জুরিরা। দ্বিতীয়ার্ধে বসনিয়া চাপ বাড়ায় এবং ৭৯ মিনিটে তাবাকোভিচের গোলে সমতা ফেরায়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় খেলা যায় টাইব্রেকারে, যেখানে ইতালির স্নায়ু ভেঙে যায়।

২০১৮ ও ২০২২ সালের পর ২০২৬ টানা তৃতীয়বার বিশ্বকাপ মূল পর্বে খেলতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অন্যদিকে বসনিয়ার কাছে এটি বিরাট অর্জন।

এসটি