images

স্পোর্টস / ফুটবল

ফের স্বপ্নভঙ্গ ইতালির, খেলা হচ্ছে না বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০৭:২২ এএম

২০১৮, ২০২২-এর পর টানা তৃতীয়বার বিশ্বকাপের মূলপর্ব দেখতে পাচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো অ্যাজুরিদের।

সারায়েভোর মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি ইতালি। প্রথমার্ধে মোইজে কিনের গোলে লিড নিয়েছিল তারা, তবে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর চাপে পড়ে যায় রবার্তো মানচিনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক বসনিয়ার হয়ে সমতা ফেরান হারিস তাবাকোভিচ।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ইতালির স্বপ্ন পুড়ে ছাই। দাভিদে এসপোসিতোর শট উড়িয়ে মারেন বসনিয়ার গোলরক্ষক, আর ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। অন্যদিকে বসনিয়ার চার শুটারই ঠিকানা খুঁজে নেন গোলের। ফলে ৪-১ গোলে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে বসনিয়া।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আর মূলপর্বে ফেরা হয়নি ইতালির। ২০০৬ সালে বিশ্বকাপ জেতা দলটি ২০১৮ ও ২০২২-এর পর ২০২৬ সালেও থাকছে দর্শক হয়ে। তিনবারই প্লে-অফের বাধা টপকাতে পারেনি তারা।

অন্যদিকে, বসনিয়ার জন্য এটি ঐতিহাসিক সাফল্য। ২০১৪ সালের পর ১২ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। ওই আসরেই ছিল তাদের বিশ্বকাপে অভিষেক।

এদিকে ইউরোপের আরেক প্লে-অফ ফাইনালে থ্রিলার জয় পেয়েছে চেক রিপাবলিক। ডেনমার্কের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১, অতিরিক্ত সময়ে ২-২ থাকার পর টাইব্রেকারে ৩-১ গোলে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

এমআই