images

স্পোর্টস / ক্রিকেট

বল টেম্পারিং করে নিষিদ্ধ হলেন ফখর

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিতর্কিত বল পরিবর্তনের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তারকা ওপেনার ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে ফখরের বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ ওঠে। আচরণবিধির লেভেল-৩ ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার পর আম্পায়াররা ইনিংসের শেষ ওভারের আগেই বল বদলে ফেলেন এবং দলকে ৫ রান জরিমানা করা হয়।

মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ফয়সাল খান আফ্রিদি, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ সবাই যৌথভাবে ফখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফখর প্রথমে অভিযোগ অস্বীকার করায় বিষয়টি শুনানিতে গড়ায়। ম্যাচ রেফারি রোশন মহানামা সব ভিডিও ফুটেজ ও প্রমাণ যাচাই করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত দেন।

শুনানিতে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং টিম ডিরেক্টর সামিন রানা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার কারণে ফখর আসন্ন ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তবে পিএসএলের নিয়ম অনুসারে, সিদ্ধান্তের ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করার সুযোগ রয়েছে তার।