স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। দলের ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন।
রিশাদ ছাড়া মনোনয়ন পেয়েছেন দলের অলরাউন্ডার নিখিল চৌধুরী, অধিনায়ক-পেসার নাথান এলিস এবং অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান। তবে বোলিংয়ে ধারাবাহিকতা ও প্রভাবের কারণে রিশাদকেই অনেকে এগিয়ে রাখছেন।
২০২৫-২৬ বিবিএল মৌসুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলতে নেমে রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের বেগুনি জার্সিতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। পুরো আসরে তিনি ১৫ উইকেট শিকার করেছেন, যা দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করেছে।
অস্ট্রেলিয়ার পেস-বান্ধব পিচে খেলেও তার বোলিং গড় ছিল মাত্র ২০.৮৬ এবং প্রতি ওভারে খরচ করেছেন ৮ রানের কম। প্রায় প্রতি ম্যাচেই উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ স্পিনার। তার গুগলি ও টার্নিং ডেলিভারিগুলো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
রিশাদের এই পারফরম্যান্স শুধু হোবার্টের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যও গর্বের। শাকিব আল হাসানের পর তিনিই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন দারুণভাবে।