images

স্পোর্টস / ফুটবল

রেফারিদের সঙ্গে গোপন যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা আবারও সামনে এসেছে। বার্সেলোনার সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেছেন, নেগ্রেইরা কাণ্ডে মাদ্রিদের হস্তক্ষেপের কারণে দুই ক্লাবের মধ্যে যোগাযোগ প্রায় ভেঙে পড়েছে।

লাপোর্তা জানান, “অনেকদিন ধরেই আমরা কথা বলছি না। নেগ্রেইরা মামলায় তাদের অংশগ্রহণের পর থেকেই সম্পর্ক খারাপ হয়ে গেছে।” তিনি আরও যোগ করেন যে, এই ঘটনা স্প্যানিশ ফুটবলের সামগ্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প নিয়ে লাপোর্তা স্পষ্ট করে বলেন, বার্সেলোনা প্রকল্পটি থেকে সরে এসেছে কারণ এটি বাস্তবায়িত হচ্ছিল না। “আমরা তাদের আগেই জানিয়ে দিয়েছিলাম যে, এর কোনো অগ্রগতি নেই। এছাড়া ইউইএফএ ইউরোপীয় ফুটবলের সাসটেইনেবিলিটি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে,” বলেন তিনি। এই সিদ্ধান্তের ফলে রিয়াল মাদ্রিদ একাই প্রকল্পে রয়ে গেছে।

লাপোর্তা রেফারিংয়ের প্রসঙ্গে কোনো কথা গোপন করেননি। তিনি বলেন, “আমার সবসময় মনে হয়েছে আমাদের আরও অনেক বেশি শক্তিশালী হওয়া উচিত, কারণ রেফারিরা আমাদের পক্ষে থাকেন না। এখানে মনে হয় সবসময় মাদ্রিদকে সাহায্য করা হয়। তাদের ‘বার্সেলোনা-ইটিস’ আছে, এটা স্পষ্ট।”

তিনি আরও উল্লেখ করেন যে, বার্সেলোনা যখন রেফারিদের সাবেক ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দিয়েছে, তখন সমালোচনা করা হচ্ছে। অথচ রিয়াল মাদ্রিদের সঙ্গে রেফারিজ কমিটির প্রেসিডেন্টদের দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

নেগ্রেইরা স্ক্যান্ডালকে লাপোর্তা পুরোপুরি অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণভাবে মিথ্যা ও বানানো অভিযোগ। তিনি দাবি করেন যে, এই ইস্যুতে মাদ্রিদ থেকে একটি সংগঠিত স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে বার্সেলোনার বিরুদ্ধে। লাপোর্তার মতে, বার্সেলোনা যা করেছে তা আইনসম্মত ছিল এবং শুধুমাত্র টেকনিক্যাল অ্যাডভাইসের জন্য ছিল।

তিনি প্রশ্ন তুলে বলেন, “৭২ বছর ধরে রেফারিজ কমিটি রিয়াল মাদ্রিদের সাবেক সদস্য, কর্মকর্তা বা খেলোয়াড়দের দ্বারা চালিত হয়েছে; এটা কি লজ্জাজনক নয়? অথচ এ নিয়ে কেউ প্রশ্ন তোলে না।”