স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
আইপিএল ২০২৬-এর উত্তেজনা শুরু হলেও দিল্লি ক্যাপিটালসের শিবিরে এখনো অনুপস্থিত অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বাঁহাতি এই গতিময় বোলার কাঁধ ও কনুইয়ের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন, ফলে মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচে দলের হয়ে মাঠে নামা সম্ভব হচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্কের এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা ও ভুল তথ্য ছড়িয়ে পড়ায় তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্টার্ক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম চলাকালীন চোটের পুরো মাত্রা বোঝা যায়নি। পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হওয়ায় তিনি এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।
তিনি আরও লিখেছেন, “কিছু ব্যক্তি ও ভারতীয় মিডিয়ার প্ল্যাটফর্মে আমার শরীর নিয়ে ভুল ধারণা ও অসমর্থিত মন্তব্য ছড়ানো হয়েছে। আমি বর্তমানে কাঁধ ও কনুইয়ের চোট সামলাচ্ছি এবং পুনর্বাসন করছি।” স্টার্ক স্পষ্ট করে বলেছেন যে, এটি কোনো অঙ্গীকারের অভাব নয়, বরং শারীরিক সমস্যার কারণেই এই বিলম্ব।
দলের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে স্বীকার করে স্টার্ক দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “এই চোটের কারণে দলের পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে, যার জন্য আমি দল ও সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।”
তবে আশার কথাও শুনিয়েছেন এই অভিজ্ঞ পেসার। তিনি জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। “আমি দিল্লির হয়ে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চাই,” বলেছেন স্টার্ক।
এসটি