স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
রিয়াল মাদ্রিদের জন্য আসন্ন সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে তারা এখন সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়রকে হারাতে চায় না। কিন্তু ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে ২৫ বছর বয়সী এই তারকা এখন হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগছেন, যা রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার ব্রাজিলের অনুশীলনে ভিনিসিয়ুস অংশ নেননি। গ্লোবোস্পোর্টের খবর অনুসারে তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন। তবে ব্রাজিলের জাতীয় দলের কর্মকর্তারা আশাবাদী যে, আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে তিনি খেলতে পারবেন।
রিয়াল মাদ্রিদের অন্দরমহলে এই সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেওয়া হয়নি। ক্লাব কর্তৃপক্ষ মনে করে, একটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য যদি ভিনিসিয়ুসকে ঝুঁকিতে ফেলা হয়, তাহলে তা বড় ধরনের ভুল হবে। তারা চায় না যে, ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যান।
সম্প্রতি ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। পরবর্তীতে পরীক্ষায় জানা যায়, বার্সেলোনার এই তারকা উইঙ্গারকে আগামী পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা এই ঘটনাকে সতর্কতার উদাহরণ হিসেবে দেখছেন। তারা আশঙ্কা করছেন, ভিনিসিয়ুসের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যদি তাকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঝুঁকি নিয়ে খেলানো হয়।
২০২৬ সালে ভিনিসিয়ুস দুর্দান্ত ফর্মে আছেন। তার গতি, দক্ষতা ও গোল করার ক্ষমতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে অনেক বেশি শক্তিশালী করেছে। মৌসুমের শেষভাগে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ভালো ফলাফল করতে হলে তাকে ফিট রাখা রিয়ালের জন্য অত্যন্ত জরুরি।
এছাড়া, মৌসুম শেষে ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সই করবেন বলে আশা করা হচ্ছে। তাই ক্লাব চায়, তিনি যেন কোনোভাবেই দীর্ঘ ইনজুরিতে না পড়েন।
এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবেন কি না, নাকি রিয়াল মাদ্রিদ তাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। বার্নাব্যু কর্তৃপক্ষ গভীরভাবে আশা করছে যে, ভিনিসিয়ুসকে যত দ্রুত সম্ভব ক্লাবে ফেরত পাঠানো হবে, যাতে তিনি বিশ্রাম নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।