স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম
মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফুটবলপ্রেমীদের মনে শোকের ছায়া নেমে এসেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক মাস আগে, স্টেডিয়ামের পুনরায় চালু হওয়ার এই উৎসবমুখর মুহূর্তটি রূপ নিয়েছে অপূরণীয় ক্ষতিতে।
শনিবার (২৮ মার্চ) রাতে মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার প্রীতি ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে গ্যালারির বক্স সিট এলাকা থেকে এক দর্শক নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি দ্বিতীয় তলার বক্স সিট থেকে প্রথম তলায় নামার চেষ্টা করছিলেন; কাঠামোর বাইরের অংশ বেয়ে ঝুলে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচতলায় আছড়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমনটায় জানায় রয়টার্সের এক প্রতিবেদনে।
এই ম্যাচটি ছিল স্টেডিয়ামের ব্যাপক সংস্কারের পর প্রথম টেস্ট ইভেন্ট। দিনরাত পরিশ্রম করে আয়োজকরা শনিবারের মধ্যেই মাঠকে খেলার উপযোগী করে তুলেছিলেন। আগামী ১১ জুন এই অ্যাজটেকা স্টেডিয়ামেই ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ (মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা) অনুষ্ঠিত হওয়ার কথা।
তিনটি ভিন্ন বিশ্বকাপে (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬) ম্যাচ আয়োজন করা প্রথম স্টেডিয়াম হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে এই মাঠ। ফুটবলের অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী এই অ্যাজটেকা তার নতুন রূপে ফিরে আসার দিনেই এমন দুর্ঘটনা সবার মনে গভীর দাগ কেটেছে।
ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হয়েছে। তবে মাঠের ফুটবলীয় উত্তেজনা অনেকটাই ম্লান হয়ে গেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি নিয়েও সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে এই শোকের খবর।
ফিফা ও স্থানীয় আয়োজক কমিটি এখন স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ও দর্শকদের আচরণ নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে। বিশ্বকাপের মতো বিশাল আয়োজনের আগে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।
অ্যাজটেকা স্টেডিয়াম ফুটবল বিশ্বের এক অমর প্রতীক। এখানে পেলে, ম্যারাডোনা, জিদানের মতো কিংবদন্তিরা তাদের জাদু দেখিয়েছেন।
এসটি