স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত ২-১ গোলের জয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা শুরুতে এগিয়ে যায় এনজো ফার্নান্দেজ ও নিকো পাজের গোলে। তবে যোগ করা সময়ে জর্ডান লেফোর্ত একটি গোল শোধ করে মরিতানিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লিওনেল মেসিও ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি।
ম্যাচ শেষে মার্টিনেজ সরাসরি দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তার মতে, এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম খারাপ পারফরম্যান্স।
“খুবই বাজে খেলেছি। এটা আমাদের সবচেয়ে খারাপ ম্যাচগুলোর একটি, এমনকি প্রীতি ম্যাচ হিসেবেও। আমাদের মধ্যে মনোভাবের ঘাটতি ছিল। ভাগ্য ভালো, আমরা ফিনালিসিমা খেলিনি এভাবে,” বলেন মার্টিনেজ।
তিনি আরও যোগ করেন, “আমাদের খেলায় গতি ছিল না, পরিকল্পনা ছিল না। আরও বেশি লড়াই করার মানসিকতা দরকার। ডিফেন্সেও দৃঢ়তা ছিল না, ছিল না আত্মবিশ্বাস। যদি এমন খেলতাম, তাহলে ফিনালিসিমা না হওয়াই ভালো হয়েছে।”
আগামী ৩১ মার্চ আরেকটি প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা রক্ষার প্রস্তুতির অংশ হিসেবে কোচ লিওনেল স্কালোনি অবশ্যই এই ম্যাচে দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করবেন।