images

স্পোর্টস / অন্যান্য

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, আটক টাইগার উডস

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

গলফ দুনিয়ার কিংবদন্তি টাইগার উডসকে মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডের কাছে একটি দুই লেনের সড়কে তার ল্যান্ড রোভার উল্টে যাওয়ার পর শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্টিন কাউন্টি শেরিফ অফিস।

৫০ বছর বয়সী উডসকে আটক করার সময় তার মধ্যে ‘অস্বাভাবিক আচরণের’ লক্ষণ দেখা যায়। তিনি প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান, আর ব্রেথালাইজার পরীক্ষায় অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, তার এই অবস্থার পেছনে ওষুধ বা মাদকজনিত কারণ থাকতে পারে। দুর্ঘটনায় উডস আহত হননি। তবে তার গাড়ি একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্য কেউও আহত হয়নি।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন উডস। সেই দুর্ঘটনায় তার ডান পায়ে গুরুতর চোট লাগে। পা ও গোড়ালিতে পিন বসানো ছাড়াও টিবিয়ায় রড বসাতে হয় তাকে। ২০২৩ সালে আরও একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল। দীর্ঘ পুনর্বাসনের পর ২০২২ সালের মাস্টার্সে ফিরে আসেন উডস, যেখানে চার রাউন্ড খেলেও কষ্ট করে শেষ করেন ৪৭তম স্থানে।

আগামী মাসের মাস্টার্স টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা কম থাকলেও, তিনি ইউএস সিনিয়র ওপেনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানা গেছে। পিজিএ ট্যুরে ১৫টি মেজর জয়ের মালিক উডস সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, বয়স ৫০ হওয়ায় তিনি চ্যাম্পিয়ন্স ট্যুরে খেলতে পারেন।

গত মাসে জেনেসিস ইনভাইটেশনালে নিজের ফেরা নিয়ে তিনি বলেছিলেন, “চেষ্টা করছি, এটুকু বলতে পারি। ডিস্ক রিপ্লেসমেন্টের পর বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আগে ব্যাক ফিউশন হয়েছিল, এখন আবার ডিস্ক রিপ্লেসমেন্ট—সব মিলিয়ে কঠিন।”

তিনি আরও বলেন, “এখন আমি নতুন দশকে পা দিয়েছি। বিষয়টা মাথায় ঢুকছে, আর ভাবাচ্ছে কার্ট ব্যবহার করে খেলার সুযোগ নিয়ে। পিজিএ ট্যুরে আমি এটা করব না, কারণ আমি এতে বিশ্বাস করি না। তবে চ্যাম্পিয়ন্স ট্যুরে এটা অবশ্যই একটা সুযোগ।”