স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে স্পেন। শুক্রবার সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা, যেখানে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল এবং অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ভিক্টর মুনোজ।
মূলত কাতারে আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা থাকলেও উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। বদলি প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে সার্বিয়া।
ম্যাচের ১৬ মিনিটে দারুণ দলীয় পাসিংয়ের পর জোরালো শটে স্পেনকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। প্রথমার্ধের শেষ দিকে, ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
পুরো ম্যাচেই আধিপত্য ছিল স্পেনের। তবে তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। তখন ফেরান তোরেসের চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজেই গোল করেন বদলি হিসেবে নামা মুনোজ, যা ছিল তার সিনিয়র আন্তর্জাতিক অভিষেকে প্রথম গোল।
এই জয়ের পর আত্মবিশ্বাস বাড়ল স্পেনের, যারা আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ খেলবে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরব ও উরুগুয়ে।
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী সপ্তাহে মিশরের মুখোমুখি হবে স্পেন। এছাড়া বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে দলটি।