স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম
বার্সেলোনার স্কোয়াডে অন্যতম সেরা ফুটবলার রাফিনিয়া। কাতালান ক্লাবটির সাম্প্রতিক সাফল্যে বড় অবদান এই ব্রাজিলিয়ান এই উইঙ্গারের। তবে জাতীয় দলের জার্সিতে যেন অনেকটাই ম্লান তিনি। সেলেসাওদের হয়ে সবশেষ মাচে ফ্রান্সের বিপক্ষে আলো ছড়াতে পারেননি তিনি। উল্টো দেশের মতোই দুশ্চিন্তার কারণ হয়েছেন ক্লাবের জন্যও। চোট পেয়েছেন এই তারকা, ফলে লম্বা সময় বাইরে থাকতে হবে তাঁকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের আগে রাফিনিয়ার এই চোটে বড় ধাক্কা খেল বার্সেলোনা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এপ্রিলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
যুক্তরাষ্ট্রে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ হারের সময় চোট পান তিনি। ম্যাচ শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, রাফিনিয়া ও রোমার ফুলব্যাক ওয়েসলি- দুজনই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন।
পরদিন পরীক্ষার পর নিশ্চিত হয়, এটি পেশির চোট। বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, চিকিৎসার জন্য রাফিনিয়া ক্লাবে ফিরে যাচ্ছেন এবং তার সুস্থ হতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগবে।
ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোয়ার্টার-ফাইনালেই তাকে পাবে না বার্সা। ৮ এপ্রিল ঘরের মাঠে প্রথম লেগ, আর ১৪ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ- দুইটিতেই অনুপস্থিত থাকবেন তিনি। এছাড়া লা লিগায় অ্যাটলেটিকো, এস্পানিওল, সেল্টা ভিগো ও গেতাফের বিপক্ষেও তাকে ছাড়া খেলতে হবে কাতালানদের।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৯ গোল করা রাফিনিয়াকে নিয়ে বড় পরিকল্পনা ছিল দলের। এখন ক্লাব আশা করছে, ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো কিংবা সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তিনি ফিরতে পারবেন।
তবে স্বস্তির খবর- ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার মতো সময় হাতে পাচ্ছেন এই উইঙ্গার।