স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ০২:২০ পিএম
যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে রোমাঞ্চের কমতি ছিল না। তবে ম্যাচটি শেষ হয়েছে ২-১ গোলে ফ্রান্সের জয়ে।
ম্যাচ শেষে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, হারের পর কেউই খুশি হয় না। তবে তিনি ফলাফলকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না।
আনচেলত্তি বলেন, “ম্যাচ হারলে কেউই আনন্দ পায় না, তাই আমি অর্ধেক সন্তুষ্ট বলতে পারি। সামনে এখনো অনেক পথ বাকি। তবে এই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক জিনিস পেয়েছি।”
তিনি আরও যোগ করেন, “আজকের ম্যাচ স্পষ্ট করে দিয়েছে যে আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য রাখি। এ নিয়ে আমার কোনো সংশয় নেই। পুরো শক্তি দিয়ে আমরা ২০২৬ বিশ্বকাপে জয়ের লক্ষ্যে এগোব।”
নেইমার জুনিয়রের অনুপস্থিতি নিয়ে ম্যাচের আগে-পরে বেশ আলোচনা হয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এই স্কোয়াডে রাখেননি আনচেলত্তি। স্টেডিয়ামে ৬৫ হাজারেরও বেশি দর্শক ‘নেইমার, নেইমার’ স্লোগান তুললেও কোচ স্পষ্ট করে দিয়েছেন, বর্তমানে যারা দলে আছে এবং খেলছে; তাদের ওপরই মনোযোগ দিতে হবে।
আনচেলত্তি বলেন, “আমি সব দেখছি, সব শুনছি। কিন্তু আমার কাজ হলো সিদ্ধান্ত নেয়া। এটা স্বাভাবিক যে সবার নিজস্ব মতামত থাকবে, কারণ ফুটবল কোন বিশ্ববিদ্যালয় নয়, ফুটবল কোন বিজ্ঞান নয়। প্রত্যেকের মতামতের প্রতি আমার সম্মান আছে, কিন্তু দলের প্রয়োজনে আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।”
ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, “এখন আমাদের শুধুমাত্র যারা দলে আছে এবং মাঠে লড়ছে তাদের নিয়েই কথা বলা উচিত। তাদের অবদানের দিকে নজর দিতে হবে। পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি নেওয়াই আমাদের প্রধান কাজ।”
নিরপেক্ষ ভেন্যুতে ১৯৫৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর ফ্রান্সের বিপক্ষে জয়হীন থাকার ধারা অব্যাহত রয়েছে ব্রাজিলের।
এসটি