images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপের রেসে থাকতে মাঠে নামছে স্পেন ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

আর মাস কয়েক বাদেই বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে ঝলমলে পারফরম্যান্সের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচের ব্যস্ত সূচিতে নিজেদের ছন্দ ফিরিয়ে আনতে এবং স্কোয়াডের গভীরতা যাচাই করতে মাঠে নামছে।

লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন আজ রাতেই (২৭ মার্চ) সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে। ভিলারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকায় রাত ২টায় (বাংলাদেশ সময়) শুরু হবে এই ম্যাচ। এরপর ৩১ মার্চ মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লা রোজা। 

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগে এই ম্যাচ দুটি দল গঠন ও কৌশল পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে, যুক্তরাষ্ট্রের আটলান্টায়। কোচিং স্টাফ এরই মধ্যে সেই ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে।

অন্যদিকে লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনাও বসে নেই। বিশ্বচ্যাম্পিয়নরা মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল ভোর ৫:১৫টায় (বাংলাদেশ সময়) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে নামবে তারা। 

কোচ স্কালোনি ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, দলের অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচগুলোতে খেলবেন। তিনি বলেন, “বিশ্বকাপ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে। তাই এখন থেকেই সেরা সমন্বয় ও কম্বিনেশন খুঁজে বের করা জরুরি।” দলের মূল কাঠামো ঠিক রেখেও নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে এই প্রীতি ম্যাচে। লা বোম্বোনেরার উত্তেজনাপূর্ণ পরিবেশ দলকে বাড়তি প্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

দুই দলের জন্যই এই মার্চের প্রীতি ম্যাচগুলো বিশ্বকাপের আগে শেষ বড় পরীক্ষা। স্পেন চাইছে তাদের তরুণ প্রতিভাদের (যেমন লামিনে ইয়ামাল) সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধন আরও মজবুত করতে। অন্যদিকে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে টাইটল ডিফেন্ড করার জন্য স্কোয়াডের গভীরতা বাড়াতে ব্যস্ত।

এসটি