images

স্পোর্টস / ক্রিকেট

পিএসএলের শুরুতেই বিতর্ক, সাদা বল হয়ে গেল গোলাপি

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

মৌসুমের প্রথম ম্যাচেই বিতর্কে জড়াল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচ যেন হঠাৎই “পিংক বল” ম্যাচে পরিণত হয় যা দেখে অবাক হয়ে যান খেলোয়াড় থেকে দর্শক সবাই।

হায়দরাবাদের হয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্নাস লাবুশেন সরাসরি আম্পায়ারের কাছে অভিযোগ করেন, তাদের জার্সির রঙ সাদা বলে লেগে গিয়ে ধীরে ধীরে সেটি গোলাপি, পরে লালচে হয়ে যাচ্ছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, “দ্বিতীয় ওভারের পরই আমি আম্পায়ারকে বলেছিলাম, ‘কি হচ্ছে? বল তো লাল হয়ে যাচ্ছে।’ সম্ভবত জার্সি থেকেই রঙ আসছে। ক্যারিয়ারে এমন কিছু কখনো দেখিনি।”

ক্রিকেটে বল চকচকে রাখতে খেলোয়াড়রা সাধারণত জার্সিতে ঘষে থাকেন। কিন্তু সেই জার্সির রঙ বলের ওপর লেগে যাওয়া একেবারেই অস্বাভাবিক ঘটনা বলেই জানিয়েছেন তিনি। লাবুশেন আরও বলেন, “ব্যাট থেকে রঙ লাগা বা প্যাডে লেগে কিছু রঙ উঠে আসা, এসব দেখেছি। কিন্তু পোশাক থেকে এমনটা আগে কখনো দেখিনি। আশা করি দ্রুতই বিষয়টা ঠিক করা হবে।”

এই ম্যাচে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। তবে ম্যাচ শেষে হায়দরাবাদ কিংসম্যান সামাজিক মাধ্যমে কৌতুক করে লিখেছে, “প্রথম ‘পিংক বল’ ম্যাচ জয়ের জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।” ঘটনাটি নিয়ে ইতোমধ্যে পিএসএল আয়োজকদের সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় একটি পেশাদার টুর্নামেন্টে কীভাবে এমন নিম্নমানের জার্সি ব্যবহার করা হলো।

Screenshot_2026-03-27_124101

উল্লেখ্য, চলমান পশ্চিম এশিয়া সংকটের কারণে এবারের পাকিস্তান সুপার লিগ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য মাঠে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশের নাগরিকদের চলাফেরা সীমিত রাখতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এছাড়া, টুর্নামেন্টের ভেন্যুও কমিয়ে আনা হয়েছে। আগের ছয়টির বদলে এখন ম্যাচ হবে কেবল লাহোর ও করাচি-তে। বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও।