স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম
ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ বাংলাদেশের প্রথম একাদশে হামজা চৌধুরী থাকবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে হামজাকে রেখেই একাদশ ঘোষণা করেন কাবরেরা। এছাড়াও দলে ছিলেন আরও ৪ প্রবাসী ফুটবলার। তবে শক্তিশালী দল নিয়ে ভিয়েতনামের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষের সঙ্গে র্যাঙ্কিংয়ের ব্যবধান কত যে বিশাল সেটিও ফুটে ওঠল মাঠের খেলায়।
ম্যাচের ৮ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বাংলাদেশ। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন জায়ান আহমেদ।
১৮ মিনিটে গুয়েন কুয়াংয়ের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জুয়ান মানের।
এরপর বিরতিতে যাওয়ার আগে আরও এক গোলের দেখা পায় ভিয়েতনাম। ৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন গুয়েন হাই। ৩ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর কিছুটা পরিবর্তন আসে বাংলাদেশের খেলায়। তবে রক্ষণভাগকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে আর জালের দেখা পায়নি ভিয়েতনাম। বাংলাদেশে গোল করতে না পারায় শেষ পর্যন্ত ৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে হামজাদের।