images

স্পোর্টস / ফুটবল

শিরোপা ফিরে পেতে আইনি লড়াইয়ে সেনেগাল

স্পোর্টস ডেস্ক

২৬ মার্চ ২০২৬, ১১:১২ এএম

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে সেনেগাল। বিষয়টি এখন গড়িয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস)।

সুইজারল্যান্ডভিত্তিক এই ট্রাইব্যুনাল নিশ্চিত করেছে যে, সেনেগাল ফুটবল ফেডারেশন আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আপিল দায়ের করেছে।

সেনেগালের লক্ষ্য, আফকন-এর সিদ্ধান্ত বাতিল করে নিজেদেরই আফকন চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাওয়া। গত ১৮ জানুয়ারির ফাইনালে নাটকীয় ঘটনায় ম্যাচটি বিতর্কিত হয়ে ওঠে। মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় এবং পাপে গুয়ের গোলে ১-০ ব্যবধানে জেতে সেনেগাল। সেটিই তাদের দ্বিতীয় শিরোপা হওয়ার কথা ছিল। কিন্তু পরে মরক্কোর আপিলের প্রেক্ষিতে আফকন জানায়, মাঠ ছেড়ে যাওয়ার মাধ্যমে সেনেগাল টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেছে। ফলে ম্যাচটি তাদের জন্য ৩-০ ব্যবধানে পরাজয় হিসেবে গণ্য করা হয় এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

সিএএস জানিয়েছে, তারা দ্রুত এই আপিলের শুনানি শেষ করার চেষ্টা করবে, তবে সব পক্ষের ন্যায্য শুনানির বিষয়টিও নিশ্চিত করা হবে। ফাইনালের বিতর্কের সূত্রপাত হয় ইনজুরি টাইমে দেওয়া একটি পেনাল্টি থেকে। কঙ্গোর রেফারি জ্যঁ-জ্যাক এনডালা ভিএআর দেখে মরক্কোর পক্ষে স্পট-কিকের সিদ্ধান্ত দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থকদের কেউ কেউ মাঠে ঢোকার চেষ্টা করেন, খেলোয়াড়রাও প্রতিবাদে খেলা বন্ধ করে দেন।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন সাদিও মানে। পরে খেলা শুরু হলে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি সেভ হয়। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে সেনেগাল। মরক্কান ফেডারেশন জানিয়েছে, তারা কেবল নিয়মের সঠিক প্রয়োগ চেয়েছিল, কোনো দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেনি।

আফকন সভাপতি প্যাট্রিস মোটসেপে বলেছেন, সিএএস-এর সিদ্ধান্ত তারা মেনে নেবে। এদিকে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দলই প্রীতি ম্যাচ খেলবে। সেনেগাল প্যারিসে পেরুর মুখোমুখি হবে, আর মরক্কো খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে।