images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি ইংলিশ তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট আইপিএল ২০২৬ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও খারাপ অ্যাশেজের পর নিজের ফর্ম ফিরে পেতে এবং টেস্ট ক্যারিয়ার বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডিসেম্বরে হওয়া নিলামে ২ কোটি রুপিতে দলে ভেড়ানো হয়েছিল ডাকেটকে। তবে একাদশে নিশ্চিত জায়গা না থাকা এবং বিদেশি কোটা নিয়ে প্রতিযোগিতার কারণে তিনি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। এখন তিনি নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন।

ডাকেট বলেন, “এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, এবং দিল্লির সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আইপিএলে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার ছিল, এটা বিশ্বের সেরা প্রতিযোগিতা। কিন্তু আমি ভেবে দেখেছি, আমার ক্যারিয়ারের জন্য এটিই সঠিক সিদ্ধান্ত।”

এই সিদ্ধান্তের কারণে তার ওপর দুই বছরের আইপিএল নিষেধাজ্ঞা আসতে পারে। এর আগে একই কারণে হ্যারি ব্রুকও নিষেধাজ্ঞায় আছেন।

অ্যাশেজে বাজে পারফরম্যান্সের পর নিজের অবস্থান নিয়ে সচেতন ডাকেট বলেন, “আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরে বাড়ির বাইরে ছিলাম, এখন মনে হয়েছে মানসিক ও শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করাই সবচেয়ে জরুরি। নটিংহ্যামশায়ারের হয়ে চার দিনের ক্রিকেট খেলে আবার ফর্মে ফিরতে চাই।”

তিনি আরও যোগ করেন, “আমি ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই যতদিন সম্ভব খেলতে চাই। আশা করি ভবিষ্যতে এই সিদ্ধান্তটাই আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মোড় হয়ে থাকবে।”