images

স্পোর্টস / ক্রিকেট

বিক্রি হল কোহলির আরসিবি, দাম আকাশছোঁয়া

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১১:২১ এএম

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পূর্ণ মালিকানা রেকর্ড দামে বিক্রি হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা) দলটি কিনে নিয়েছে।

বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল) এই ‘অল-ক্যাশ’ চুক্তির ঘোষণা দেয়। ইউএসএলের বোর্ড অনুমোদনের পর দলটির মালিকানা যাচ্ছে আদিত্য বীরলা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস ও ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল ‘বিএক্সপিই’-এর হাতে।

এই বিশাল অঙ্কের মূল্য বোঝাতে একটি তথ্যই যথেষ্ট- ২০২১ সালে বিসিসিআই লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছিল মোট ১২,৭১৫ কোটি টাকায়, যা আরসিবির বর্তমান বিক্রিমূল্যের চেয়েও কম।

নতুন মালিকানা কাঠামোয় আরসিবির পুরুষ ও নারী- দুই দলই এখন থেকে কনসোর্টিয়ামের অধীনে পরিচালিত হবে। আগে এগুলো পরিচালনা করত ইউএসএলের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। গত নভেম্বরে ইউএসএলের মূল প্রতিষ্ঠান ডিয়াজিও জানিয়েছিল, তারা আরসিবিতে তাদের বিনিয়োগ নিয়ে “স্ট্র্যাটেজিক রিভিউ” করছে এবং মার্চের মধ্যে বিক্রয় প্রক্রিয়া শেষ করতে চায়।

তবে এই চুক্তি কার্যকর হতে এখনো বিসিসিআই ও ভারতের প্রতিযোগিতা কমিশনের অনুমোদন প্রয়োজন। ২০০৮ সালে আইপিএল শুরুর সময় আরসিবি ছিল অন্যতম দামী দল। তৎকালীন মালিক বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপ এটি কিনেছিল প্রায় ১১১.৬ মিলিয়ন ডলারে। পরবর্তীতে ২০২৩ সালে নারী আইপিএলেও বেঙ্গালুরু দলটি কিনতে ৯০১ কোটি টাকা খরচ করা হয়।

নতুন কনসোর্টিয়াম জানিয়েছে, তারা আরসিবির “চ্যাম্পিয়ন সংস্কৃতি” ও বিশাল সমর্থকগোষ্ঠীকে আরও এগিয়ে নিতে চায়। তাদের ভাষায়, “আরসিবি বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আবেগঘন ফ্যানবেস তৈরি করেছে। আমরা মাঠে ও মাঠের বাইরে দলটিকে নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ইউএসএলের ব্যবস্থাপনা পরিচালক প্রভীন সোমেশ্বর বলেন, “‘প্লে বোল্ড’ দর্শনকে সামনে রেখে আরসিবি আইপিএল ও ডব্লিউপিএলে অন্যতম সফল ও বাণিজ্যিকভাবে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। নতুন মালিকানায় দলটির ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী।”