স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। অভিষেক ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল মার্ক কক্সের শিষ্যরা।
পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়েছে মার্ক কক্সের শিষ্যরা। তবে একের পর এক আক্রমণে গিয়েও জালের দেখা পাচ্ছিল না লাল-সবুজের দল। ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে তাই লিড পাওয়া হয়নি বাংলাদেশের।
তবে দ্বিতীয়ার্ধে ঠিকই গোল আদায় করে নিয়েছে বাংলাদেশ। এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশের হয়ে অবদান রাখেন রোনান সুলিভান। প্রবাসী এই ফুটবলারের দুর্দান্ত এক ফ্রি কিকেই নিজেদের প্রথম গোলটি পায় দল।
ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে লিড এনে দেন সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এ ফরোয়ার্ড।
এক গোলে এগিয়ে যাওয়ার পর আরও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সেগুলো ঠিকভাবে কাজে না লাগাতে পারায় হতাশ হতে হয় দলকে। এরই মাঝে একবার জালের দেখা পেয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল হয়।
এদিকে একের পর এক সুযোগ মিস হলেও দলকে আরও একবার খুশির বন্যায় ভাসান সুলিভান। এবার তিনি গোল করেন হেড থেকে। ৬৭ মিনিটে সতীর্থ শেখ সংগ্রামের বাড়ানো দারুণ এক লং পাস থেকে বল পান সুলিভান। আর দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
দুই গোলে এগিয়ে যাওয়ার পরও বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি লাল-সবুজের দল। পাকিস্তানও আর গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।