স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারের পর সময়টাকে নিজের অধিনায়কত্ব জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। একই সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ব্যবস্থাপনা পরিচালক রব কী-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, স্টোকস টেস্ট অধিনায়ক হিসেবেই থাকছেন। পাশাপাশি ম্যাককালাম ও রব কীও নিজেদের পদে বহাল থাকছেন।
ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে এক খোলা চিঠিতে স্টোকস লিখেছেন, “ইংল্যান্ডের অধিনায়ক হওয়া একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে বড় সম্মান। আমি এটাকে কখনো হালকাভাবে নিই না। এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে- কখনো হাসায়, কখনো কাঁদায়।” অ্যাশেজে ভরাডুবির পর সময়টা কতটা কঠিন ছিল, সেটিও খোলাখুলি বলেছেন তিনি। “গত তিন মাস নিঃসন্দেহে আমার অধিনায়কত্ব জীবনের সবচেয়ে কঠিন সময়। এটা আমাকে অনেকভাবে পরীক্ষা নিয়েছে।”
দল নিয়ে নিজের আবেগও স্পষ্ট করেছেন স্টোকস। “আমি ক্রিকেটকে ভালোবাসি, আমি এই দলকে ভালোবাসি, আর ইংল্যান্ডের অধিনায়ক হতে পারা আমার জন্য গর্বের। এই দায়িত্বে দেওয়ার মতো আমার এখনও অনেক কিছু আছে।” ম্যাককালাম ও রব কী-এর সঙ্গে সম্পর্ক নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “বাজ (ম্যাককালাম), রব আর আমি- আমরা সবাই এই দলকে এগিয়ে নিতে চাই। আমরা ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকেই শিখেছি।”
অ্যাশেজে ব্যক্তিগত পারফরম্যান্সও খুব ভালো ছিল না স্টোকসের। ব্যাটে করেছেন ১৮৪ রান, আর বোলিংয়ে নিয়েছেন ১৫ উইকেট। শেষ টেস্টে চোটেও পড়তে হয়েছে তাকে। তবে তার ওপর আস্থা রাখছেন রব কী। তিনি বলেন, “স্টোকস ও ম্যাককালামের এই জুটি ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা অংশীদারিত্বগুলোর একটি।” জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় ইংল্যান্ড। সেই লক্ষ্যেই পুনর্বাসন শেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন স্টোকস।