স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
ঈদের ছুটিতে ক্রিকেট মাঠে নেই কোনো ব্যস্ততা। তবে এসবের মাঝেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তনের মাধ্যমে আলোচনার সূত্রপাত। এরপর পরিচালক আমজাদ হোসেনের পদত্যাগ তাতে নতুন মাত্রা যোগ করে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন। ঈদের ছুটিতেই হঠাৎ আমজাদ হোসেনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। এরপর গতকাল বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। তাঁর পদত্যাগের পর থেকেই কারণ জানতে শুরু হয় আলোচনা।
তবে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমজাদ হোসেন জানান, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। তিনি বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’
তবে মিডিয়া কমিটি থেকে তাঁকে সরানোর কারণ জানেন না বলেও জানান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।’