স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১১:৪২ এএম
ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হতে যাচ্ছেন দেশটির ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। আগামী গ্রীষ্মে ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর দায়িত্ব নেওয়ার ব্যাপারে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন তিনি, এমনটাই জানিয়েছে ইএসপিএন।
৫৩ বছর বয়সী জিদান বর্তমান কোচ দিদিয়ের দেশমঁর স্থলাভিষিক্ত হবেন। ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশমঁ এর দীর্ঘ অধ্যায়ের পর নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন জিদান।
কোচ হিসেবে জিদানের সাফল্যও কম নয়। রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় (২০১৬-১৮, ২০১৯-২১) দায়িত্ব পালন করে জিতেছেন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, যা তাকে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচে পরিণত করেছে।
খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ১৯৯৮ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর, পাশাপাশি তিনবার হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার (১৯৯৮, ২০০০, ২০০৩)। তার নেতৃত্বেই ফ্রান্স জিতেছিল ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০৬ সালে হয়েছিল রানার্সআপ।
তবে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় লাল কার্ড দেখার ঘটনাটিও তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত মুহূর্ত।
দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল, একদিন ফ্রান্স দলের দায়িত্ব নেবেন জিদান, এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।