images

স্পোর্টস / ফুটবল

ফ্রি কিক থেকে মেসির গোল, মিয়ামির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

লিওনেল মেসির ৯০১তম ক্যারিয়ার গোলের দিনে নিউইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসে মৌসুমের প্রথম হার উপহার দিয়েছে ইন্টার মিয়ামি। 

৬১তম মিনিটে ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করেন মেসি। এরপর ৭৪তম মিনিটে হেডে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে পড়ার হতাশা নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। সেই ম্যাচেই নিজের ক্যারিয়ারের ৯০০তম গোল করেছিলেন মেসি।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিয়ামি। গনসালো লুজানের ডান পায়ের শটে বল জালে জড়ায়। ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান নিউইয়র্ক সিটির নিকোলাস ফার্নান্দেজ।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। ২৭ মিনিটে দ্রুত আক্রমণ থেকে লক্ষ্যভ্রষ্ট হন, ৩৬ মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক ম্যাট ফ্রিজ। ৪২ মিনিটে মেসির শট ক্রসবারে লাগে, আর ৪৪ মিনিটে বক্সের ভেতর থেকেও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

৫৯তম মিনিটে আবার এগিয়ে যায় নিউইয়র্ক সিটি। ম্যাক্সি মোরালেসের পাস থেকে আগুস্তিন ওহেদা গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। আইডেন ও'নিলের ফাউলে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান মেসি।

এর ১৩ মিনিট পর জয়সূচক গোল পায় ইন্টার মিয়ামি। নোয়া অ্যালেনের ক্রস থেকে হেডে বল জালে পাঠান মিকায়েল। এই জয়ে ইন্টার মিয়ামির রেকর্ড দাঁড়িয়েছে ৩ জয়, ১ ড্র ও ১ হার। আর নিউইয়র্ক সিটির রেকর্ড এখন ৩ জয় ও ১ হার।