স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
দক্ষিণ আফ্রিকার স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
ওয়েলিংটনে ১৬৪/৫ রান করার পর ম্যাচের মাঝপথে সিরিজ জয়ের দারুণ অবস্থানে ছিল নিউজিল্যান্ড। ১০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে ফেলেছিল তারা। তবে এরপর হঠাৎই ধস নামে, ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে সিরিজ গড়িয়েছে নির্ধারণী ম্যাচে, যা বুধবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ ও প্রেনেলান সুব্রায়েন। মাঝের ওভারগুলোতে আঁটসাঁট বোলিং করে নিউজিল্যান্ডের রান তোলার গতি থামিয়ে দেন তারা।
অভিজ্ঞ মহারাজ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। আর অভিষেক ম্যাচ খেলতে নেমে সুব্রায়েন ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ভাঙন ধরান কিউইদের মিডল অর্ডারে। ম্যাচ শেষে মহারাজ বলেন, টানা দুই হারের পর দল ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “টানা দুই ম্যাচ হারের পর এটা ছিল নিখুঁত জবাব। এই ম্যাচে আমরা অনেক বেশি উদ্যম ও ক্ষুধা নিয়ে খেলেছি। আমরা তরুণ দল, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা তৈরি করতে সময় লাগবে।” নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন টিম রবিনসন। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি নেন ৩ উইকেট।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন কনর এস্টারহুইজেন, ৩৬ বলে ৫৭ রান করেন তিনি। তার ইনিংস থামে ক্যাটেন ক্লার্কের দুর্দান্ত ক্যাচে, যা তিনি নিজের অভিষেক ম্যাচেই নেন। বোলিংয়ে নজর কাড়েন বেন সিয়ার্স, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শেষ ওভারে দেন মাত্র ২ রান।