images

স্পোর্টস / ক্রিকেট

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত 

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে আইরিশদের বিপক্ষে সিরিজটি স্থগিত করা হয়েছে। সেই উইন্ডোতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ, এ কারণেই আয়ারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

সম্প্রতি বার্ষিক সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট আইরিশ বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজটি অন্য কোনো সময়ে খেলার সুযোগ নেই। এ কারণে দুই দেশের বোর্ড আগামী বছরের অন্য কোনো সময়ে খেলতে রাজি হয়েছে। 

ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ, এ কারণেই আয়ারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। গত বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করা হয়। 

স্থগিত হওয়া সেই সিরিজই অনুষ্ঠিত হবে এ বছর। নতুন সূচি অনুযায়ী ভারত দল ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “ভারত সিরিজটি যখন গত বছর থেকে এ বছরের সেপ্টেম্বরে আনা হলো, তখন আমরা ক্রিকেট আয়ারল্যান্ডকে বিকল্প সময়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা তা সম্ভব নয় বলে জানায়। তাই সফরটি স্থগিত করা হয়েছে। আশা করছি ২০২৭ সালে নতুন সূচি পাওয়া যাবে।”

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-১ সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৯, যা দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলর চেয়ে দুই পয়েন্ট বেশি। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। নাহলে খেলতে হবে বাছাইপর্ব।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, ভারত সিরিজটিও এখনো অনিশ্চয়তায়, কারণ সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকারের অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি সেটিও পিছিয়ে যায়, তাহলে বিশ্বকাপের আগে পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ কমে যেতে পারে বাংলাদেশের।