images

স্পোর্টস / ক্রিকেট

১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম

রুয়ান্ডার কিশোরী ক্রিকেটার ফ্যানি উতাগুশিমানিন্দে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। শনিবার (২১ মার্চ ২০২৬) লাগোসে নাইজেরিয়া ইনভিটেশনাল নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে ১২২ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে ৬৫ বলে অপরাজিত ১১১ রান করেন এই ওপেনার। এর মাধ্যমে ভেঙে দেন উগান্ডার প্রস্কোভিয়া আলাকোর রেকর্ড। আলাকো ২০১৯ সালে কিগালিতে মালির বিপক্ষে ১৬ বছর ২৩৩ দিনে ১১৬ রান করেছিলেন।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করা প্রথম নারী ক্রিকেটারও এখন উতাগুশিমানিন্দে। রুয়ান্ডার স্কুল পর্যায়ের ক্রিকেট প্রোগ্রাম থেকে উঠে আসা এই তরুণী নিজের এই অর্জনকে “অবিশ্বাস্য” বলে মনে করছেন। তার ভাষায়, “এটা আমার জন্য খুবই বিশেষ মুহূর্ত। ১৫ বছর বয়সে অভিষেকেই এমন কিছু করা- এটা সত্যিই স্বপ্নের মতো।

“এটা আমার পরিশ্রম, আত্মবিশ্বাস আর খেলাটার প্রতি ভালোবাসার প্রমাণ। কোচ, সতীর্থ এবং সবাইকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন করেছে। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।”

শুধু সবচেয়ে কম বয়সী নন, অভিষেক ম্যাচেই নারীদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তার দখলে। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার কারেন রোলটন। রুয়ান্ডার কোচ লিওনার্ড ন্যামবুরো বলেন, “এই রেকর্ড তার কঠোর পরিশ্রম ও নিবেদনের ফল। বছরের পর বছর ত্যাগ আর একাগ্রতার মাধ্যমে সে এটা অর্জন করেছে।”

পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড এখনো ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওনর দখলে, যিনি ১৮ বছর ২৮০ দিনে এই কীর্তি গড়েছিলেন।