স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম
ভারত এবং পাকিস্তানের মধ্যে লম্বা সময় ধরে চলছে ঐতিহাসিক রাজনৈতিক বিরোধ। দুই প্রতিবেশী দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেট মাঠেও প্রতিফলিত হয়। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় ক্রিকেট মাঠে। এসব নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয় যাতে যোগ দেন দুই দেশেরই সাবেক ক্রিকেটার। তেমনই এক সমালোচনার মধ্যমণি এখন সুনীল গাভাস্কার।
ভারতের সাবেক এই ক্রিকেটার সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটারদের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে না নিতে বলে আলোচনার জন্ম দেন। ঘটনার সূত্রপাত দ্য হান্ড্রেডের নিলামে। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় সমালোচনা করেছিলেন গাভাস্কার। সানরাইজার্স লিডস তাকে দলে নেয়, যার মালিকানা ভারতের সানরাইজার্স হায়দরাবাদর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের হাতে।
ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গাভাস্কার মন্তব্য করেছিলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে পরোক্ষভাবে পাকিস্তানের অর্থনীতি উপকৃত হয়, যা শেষ পর্যন্ত ভারতীয়দের ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেছিলেন, “পাকিস্তানি খেলোয়াড়দের যে অর্থ দেওয়া হয়, তারা সেই অর্থের ওপর কর দেয়, যা শেষ পর্যন্ত অস্ত্র কেনায় ব্যবহৃত হয়এবং তা পরোক্ষভাবে ভারতীয়দের ক্ষতির কারণ হতে পারে।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটি ভারতীয় হোক বা বিদেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠান- যদি মালিক ভারতীয় হন, তাহলে সেই অর্থপ্রদানও পরোক্ষভাবে একই প্রভাব ফেলে।”
এদিকে অনেকেই গাভাস্কারের এমন কথা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, একদিকে তিনি পাকিস্তানি ক্রিকেটারদের অর্থপ্রাপ্তি নিয়ে আপত্তি তুলছেন, অন্যদিকে নিজে আন্তর্জাতিক ধারাভাষ্য প্যানেলে কাজ করছেন, এমনকি পাকিস্তান-সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে অংশও নিয়েছেন। এটিকে দ্বিমুখী নীতি হিসেবেও দেখছেন অনেকে।
তবে এসব অভিযোগ মানতে রাজি নন গাভাস্কার। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আইসিসি ও এসিসির ধারাভাষ্য প্যানেলে ছিলাম। কিন্তু সেই আয়ের অর্থ গেছে সব অংশগ্রহণকারী দেশের কাছে। কোনো ভারতীয় সংস্থা থেকে নয়, যত দূর জানি। আমি কাউকে পারিশ্রমিক দিই না- না ভারতীয়, না অন্য কোনো দেশের কাউকে। তাহলে আমাকে কীভাবে দায়ী করা যায়?’
ভারতীয়রা যেন পাকিস্তানিদের অর্থ না দেয় এ বিষয়ে তিনি বলেন, ‘অন্য খেলাধুলায় কী হচ্ছে, আমি জানি না। আমি শুধু চাই, ভারতীয়রা যেন পাকিস্তানিদের অর্থ দেওয়া বন্ধ করে। খেয়াল করলে দেখবেন, উল্টোটা কিন্তু কখনোই হয়নি- দশকের পর দশক ধরে।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ চলাকালীন ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম’ নামে সেই শোতে গাভাস্কারের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই অনুষ্ঠানে যোগ দ্বয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘দুবাইয়ের ওই অনুষ্ঠানের জন্য আমি কোনো পারিশ্রমিক চাইনি, পাইওনি।’