স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবার-পরিজন নিয়ে হাসি-আনন্দে উৎসব করছেন সকলে। তবে খুশির এই দিনে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গতকাল রাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। আজ সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেছেন জামালরা। সেখানে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত ভিতিও বার্তায় দেশবাসী ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা।
বাফুফের ভিডিও বার্তায় শমিত বলছেন, ‘সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা সবাই আনন্দ করুন।’ সবাই যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন এই কামনা জানিয়ে জামাল বলেন, ‘ঈদ মোবারক সবাইকে।’ সবাই যেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন এই কামনাই জানান জাতীয় দলের ফুটবলাররা।
২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েতনাম ম্যাচের পর এক সপ্তাহের ব্যবধানেই আবার মাঠে নামবেন জামালরা। লাল-সবুজের দলের পরের ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবেন হামজা চৌধুরীরা।