স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন অভিযোগ তুলেছেন ‘বর্ণবৈষম্যের’। এই অভিযোগ তুলে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডর ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছিলেন শিবরামকৃষ্ণন। ২০০০ সালে ধারাভাষ্যে অভিষেকের পর দীর্ঘদিন ধরে এই ভূমিকায় ছিলেন, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগএ নিয়মিত দেখা গেছে তাকে।
তবে ৬০ বছর বয়সী এই সাবেক লেগ স্পিনার এবার জানালেন, তিনি আর বিসিসিআইয়ের হয়ে ধারাভাষ্য করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “আমি বিসিসিআইর ধারাভাষ্য থেকে অবসর নিচ্ছি।” ভক্তরা তার এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে সরাসরি ‘বর্ণবৈষম্য’র অভিযোগ তোলেন তিনি। এক ভক্তের প্রশ্নের জবাবে লেখেন, “আপনি ঠিক বলেছেন। বর্ণবৈষম্য।”
শিবরামকৃষ্ণনের দাবি, ২৩ বছরের অভিজ্ঞতা থাকার পরও তাকে টস বা ম্যাচ-পরবর্তী উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়নি। বরং নতুনরা এসে পিচ রিপোর্ট, টস কিংবা প্রেজেন্টেশন করেছে। তার প্রশ্ন, “২৩ বছরেও যদি আমাকে টস বা প্রেজেন্টেশনে ব্যবহার না করা হয়, আর নতুনরা এসব করে, তাহলে এর পেছনের কারণ কী হতে পারে?”
উল্লেখ্য, সর্বশেষ আইপিএল ২০২৪ আসরে ধারাভাষ্য করেছিলেন তিনি। পরবর্তী আসরের জন্য তাকে শর্টলিস্ট করা হয়নি। যদিও চলতি সপ্তাহেই তিনি আশা প্রকাশ করেছিলেন, আসন্ন আইপিএলের জন্য হয়তো চুক্তি পাবেন। তিনি আরও দাবি করেন, বিসিসিআই ব্রডকাস্ট বিভাগের এক কর্মকর্তা তার ঘনিষ্ঠ বন্ধু ভারত অরুণএর সঙ্গে যোগাযোগ করেছিলেন তার খোঁজ নিতে।
এদিকে আরেক পোস্টে শিবরামকৃষ্ণন ইঙ্গিত দেন, তার এই সিদ্ধান্তের পেছনে আরও বড় কারণ আছে, যা সামনে এলে সবাই অবাক হবে। যদিও পরে সেই পোস্টটি মুছে দেন তিনি। তার ভাষায়, “এই অবসরই কেবল শুরুর গল্প। পুরোটা জানা গেলে সাধারণ মানুষ, ক্রিকেট ভক্ত- সবাই হতবাক হবে।”