স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের পথ দেখানো টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখনো আর্থিক দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকলেও খেলোয়াড়দের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে, এমনটাই বলছে বিশ্ব খেলোয়াড়দের সংগঠন।
বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়ে ১০টি লিগের মধ্যে আইপিএল পেয়েছে ৬২.৬ নম্বর, অবস্থান তৃতীয়। তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড (৭৫.২), এরপর দক্ষিণ আফ্রিকার এসএ২০ (৬৮)।
বিশ্বের সবচেয়ে ধনী এই টি-টোয়েন্টি লিগ খেলোয়াড়দের গড় পারিশ্রমিক ও পারিশ্রমিক প্রদানের নির্ভরযোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পেলেও ‘সংগঠিত হওয়ার অধিকার’ এবং ‘বিরোধ নিষ্পত্তি’র মতো বিষয়ে পিছিয়ে রয়েছে।
আইপিএল পরিচালনাকারী সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
সংস্থাটির প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া লিগের বিস্তার ক্রিকেটের জন্য ইতিবাচক হলেও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তার ভাষায়, “এই লিগগুলো আমাদের খেলাকে এগিয়ে নিচ্ছে, তবে আরও ভালো হওয়ার সুযোগ আছে। আমরা চাই সব অনুমোদিত লিগ সফল হোক এবং সংশ্লিষ্ট সবাই ন্যায্য সুযোগ ও সুরক্ষা পাক।”
চলতি বছরের জানুয়ারিতে আইপিএল সমালোচনার মুখে পড়ে, যখন মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।
এছাড়া বিসিসিআইয়ের আরেকটি নীতি- চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটারদের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না দেওয়ার নিয়ম নিয়েও সমালোচনা রয়েছে। আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ–এর।