স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম
ম্যানচেস্টার সফরটা দারুণভাবেই শেষ করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ম্যানচেস্টার সিটি–কে হারিয়ে উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। তবে জয়ের আনন্দের মাঝেই বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোট।
ম্যাচের পর কোচ আলভারো আরবেলোয়া বলেছিলেন, সতর্কতামূলক কারণেই কোর্তোয়াকে তুলে নেওয়া হয়েছে, তার জায়গায় নামেন আন্দ্রি লুনিন। তখন ধারণা করা হচ্ছিল, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রবিবারের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না- সেটিই ছিল মূল প্রশ্ন।
তবে পরীক্ষার পর জানা গেছে, চোটটা আশঙ্কার চেয়েও গুরুতর। কোর্তোয়ার পেশিতে ছিঁড়েছে, যার কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
ফলে শুধু লা লিগাই নয়, চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও মিস করবেন তিনি। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পাওয়া যাবে না এই বেলজিয়ান গোলরক্ষককে। ধারণা করা হচ্ছে, এটি গ্রেড-২ হ্যামস্ট্রিং ইনজুরি। যদিও ক্লাবের পক্ষ থেকে কোয়াড্রিসেপসে চোটের কথা বলা হয়েছে, বিস্তারিত কিছু জানানো হয়নি।
কোর্তোয়া না থাকায় সামনে কয়েকটি ম্যাচে ধাক্কা খাবে রিয়াল। অ্যাটলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বির পর তাদের ম্যাচ রয়েছে মায়োরকা, বায়ার্ন মিউনিখ (হোম ও অ্যাওয়ে), জিরোনা, আলাভেস ও রিয়াল বেটিসের বিপক্ষে।
সব মিলিয়ে অন্তত সাতটি ম্যাচ মিস করবেন কোর্তোয়া, যা বাড়তেও পারে দলের ইউরোপীয় যাত্রার ওপর নির্ভর করে। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। মে মাসে এস্পানিওলের বিপক্ষে ফেরার লক্ষ্য রয়েছে তার। আর সবকিছু ঠিক থাকলে ১০ মে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও মাঠে নামতে পারেন এই তারকা গোলরক্ষক।