স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন পল স্টার্লিং। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দল থেকে সরে যাচ্ছেন না স্টার্লিং। দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন, পাশাপাশি ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন।
২০২৩ সালে আয়ারল্যান্ডের সাদা বলের অধিনায়ক হন স্টার্লিং। সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন তিনি। ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত এই ফরম্যাটে মোট ৪৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে আয়ারল্যান্ড জিতেছে ২০টি, হেরেছে ২৬টি, আর দুটি ম্যাচের ফল হয়নি। তার জয়ের হার ৪১.৬৬ শতাংশ।
অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে স্টার্লিং বলেন, “ভালোভাবে চিন্তা-ভাবনা করেই আমি আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বিশাল গর্বের বিষয় ছিল।” তিনি আরও বলেন, “নিজ দেশের অধিনায়ক হওয়া বড় দায়িত্বের বিষয়। এই সময়ে যে আস্থা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।”
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার তার সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। “আমার সতীর্থ, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেট আয়ারল্যান্ড–এর সবাইকে ধন্যবাদ। আর ভক্তদের সমর্থন সবসময়ই আমাদের অনুপ্রাণিত করেছে,” বলেন স্টার্লিং।
একই সঙ্গে আয়ারল্যান্ড ক্রিকেটের প্রতি নিজের প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন তিনি। “টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও আমি পুরোপুরি দলের সঙ্গে আছি। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাব। একজন খেলোয়াড় হিসেবে এখনও অনেক কিছু করার ইচ্ছা আছে।” দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী স্টার্লিং। “এটা দলের জন্য নতুন অধ্যায় শুরু করার সঠিক সময়। নতুন অধিনায়ককে শুভকামনা জানাই। আমি তার পাশে থাকব এবং একসঙ্গে দলকে এগিয়ে নিতে কাজ করব,” বলেন তিনি।
শেষে নিজের দেশের হয়ে খেলার গর্বের কথাও আবার তুলে ধরেন স্টার্লিং, বলেন, “আয়ারল্যান্ডের হয়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। দলকে সফল করতে আমি আগের মতোই অনুপ্রাণিত।” এদিকে গ্রেম ওয়েস্ট, ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর, স্টার্লিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “পল একজন অসাধারণ নেতা। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের ভেতরে-বাইরে বড় প্রভাব ফেলেছে।”
তিনি আরও জানান, ওয়ানডে দলে স্টার্লিংয়ের নেতৃত্ব অব্যাহত থাকবে এবং সামনে বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে পার হওয়ার লক্ষ্য নিয়েই এগোবে দল। পাশাপাশি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক নিজের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন, যার শুরু হতে পারে আগামী জুনে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে।