images

স্পোর্টস / ফুটবল

‘আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়’

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

২০২৬ বিশ্বকাপ বয়কটের হুমকি থেকে সরে এসেছে ইরান জাতীয় ফুটবল দল। দলটি এখন নিয়মমাফিক প্রস্তুতি চালিয়ে যাবে, তবে এক শর্তে অনড়- তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। বুধবার এমনটাই জানিয়েছেন ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টে প্রথম দিকেই জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি ছিল ইরান। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা বাড়ায় তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে- ২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে। তুরস্কের আনতালিয়ায় চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আঞ্চলিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মেহদি তাজ বলেন, “জাতীয় দল তুরস্কে ক্যাম্প করছে এবং সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।”

বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অব ইরান ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা করছে ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য।

এই দাবি ওঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর। তিনি বলেন, ইরানের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে খেলতে পারবে, তবে তাদের “জীবন ও নিরাপত্তা” নিয়ে প্রশ্ন তোলেন। যদিও পরে তিনি পরিষ্কার করেন, খেলোয়াড়দের প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না। তবুও তাজ এই মন্তব্যকে ভেন্যু পরিবর্তনের যুক্তি হিসেবে দেখছেন।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তাদের দেশ ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। তবে ফিফা দ্রুতই এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “ফিফা সব অংশগ্রহণকারী সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে, এটাই আমরা প্রত্যাশা করছি।”