images

স্পোর্টস / ফুটবল

মেসির ৯০০তম গোলের পরও মিয়ামির বিদায়

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুধবার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি- অ্যাওয়ে গোলের নিয়মে ইন্টার মায়ামি বিদায় নিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে। ন্যাশভিল এসসির বিপক্ষে ১-১ ড্র করেই থামতে হয়েছে তাদের।

৩৮ বছর বয়সী মেসি ম্যাচের মাত্র সাত মিনিটেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন শেষ ষোলোর দ্বিতীয় লেগে। কিন্তু ৭৪তম মিনিটে ন্যাশভিলের ক্রিস্টিয়ান এস্পিনোজার গোলেই সমতায় ফেরে ম্যাচ। দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ১-১, আর অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনালে উঠে যায় টেনেসির দলটি। মায়ামির জন্য দিনটা তাই হয়ে থাকে মিশ্র অনুভূতির- মেসির রেকর্ড গড়ার রাতে বিদায় নিতে হলো প্রতিযোগিতা থেকে। এটি ছিল ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ক্লাবটির শেষ ম্যাচও।

এই গোলের মাধ্যমে মায়ামির হয়ে মেসির মোট গোল দাঁড়াল ৮১টি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন তিনি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা এর আগে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল, প্যারিস সেন্ট-জার্মেইর হয়ে ৩২টি, আর জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল।

২০০৫ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেছিলেন মেসি, আলবাসেতের বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে। সেই শুরু থেকে ২১ বছর পর এসে ছুঁলেন ৯০০ গোলের মাইলফলক। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মেসি এখনও পিছিয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোল এখন ৯৬৫।

মেসির ৯০০ গোল নিয়ে মায়ামির কোচ ও তার সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো বলেন, “এই সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য। আমি কাছ থেকে তার অনেক গোল দেখার সৌভাগ্য পেয়েছি, এটা গর্বের বিষয়। ৯০০ গোল- এটা পাগলামি, আর এজন্যই লিও একেবারেই অনন্য।”

এই ম্যাচটি ইন্টার মায়ামির জন্য আরেকটি কারণে বিশেষ ছিল- চেজ স্টেডিয়ামে এটিই ছিল তাদের শেষ ম্যাচ। ২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকে এই ভেন্যুতেই খেলছিল দলটি। আগামী মাসেই তারা ২৬,৭০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামে উঠবে। চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামবে আর্জেন্টিনা। সেখানে মেসির খেলার সম্ভাবনাও জোরালো যা হতে পারে তার ষষ্ঠ বিশ্বকাপ।

ক্লাব ক্যারিয়ারেও এখনও থামার ইঙ্গিত নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন তিনি। গোল করাই যেন মেসির পরিচয়। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল- প্রতি ম্যাচে গড়ে ০.৮৬। এই সময়েই ৩৫টি শিরোপা জিতেছে কাতালানরা। পরে পিএসজিতে গিয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করে জিতেছেন তিনটি ট্রফি। মায়ামিতে ৯৬ ম্যাচে তার ৮১ গোল দলকে জিতিয়েছে ২০২৩ লিগস কাপ ও ২০২৫ এমএলএস কাপ। আর আন্তর্জাতিক ফুটবলে ১৯৬ ম্যাচে ১১৫ গোলের মধ্যে রয়েছে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দুটি গোলও।

সব মিলিয়ে স্বীকৃত পরিসংখ্যান অনুযায়ী, সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর পরেই আছেন মেসি। যদিও ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলসংখ্যা ১০০০ ছাড়িয়েছে বলে প্রচলিত আছে, তবে অনেক পরিসংখ্যানবিদ তার স্বীকৃত গোলসংখ্যা ৭৬২ বলে ধরে থাকেন।