images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের হামলার পর ভারতের সাহায্য কামনা আফগান ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

কাবুলে পুনর্বাসন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ গজনফর। সাধারণ মানুষের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

সাম্প্রতিক এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, হামলার লক্ষ্য ছিল মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতাল, যার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

এক সাক্ষাৎকারে গজনফর বলেন, “ওই জায়গার মানুষদের চিকিৎসার সামর্থ্য নেই। অথচ সেই জায়গাটিই টার্গেট করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমি বুঝতে পারছি না তারা কী প্রমাণ করতে চায়। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না। আফগানিস্তান এটি মেনে নেবে না।” পরিস্থিতি নিয়ে সতর্কবার্তাও দেন এই স্পিনার। তার ভাষায়, “আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। সেই ইতিহাস যদি আবার ফিরে আসে, তাহলে পাকিস্তানের জন্য তা ভালো হবে না।”

কাবুলের এই হামলার নিন্দা জানিয়ে আফগান ক্রিকেটার গজনফর ভারতসহ অন্যান্য দেশের কাছে আফগানিস্তানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে গজনফর বলেন, এই সংঘাত কারও জন্যই ভালো নয় এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা এ বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাই, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যান্য দেশের কাছেও আমাদের একই অনুরোধ। এটি সাধারণ মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কারও জন্যই কল্যাণকর নয়।’

উল্লেখ্য, আসন্ন আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে আল্লাহ গজনফরের।