স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, বিশেষ করে জাসপ্রিত বুমরাহকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।
২০২৫-২৬ মৌসুমের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পুরুষ ও নারী দলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করে ফেব্রুয়ারিতে। এবার বড় সিদ্ধান্ত হিসেবে তুলে দেওয়া হয়েছে ‘এ প্লাস’ গ্রেড। সর্বোচ্চ ‘এ’ গ্রেডে রাখা হয়েছে মাত্র তিনজনকে- শুভমন গিল, বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
আগের কাঠামো অনুযায়ী ‘এ প্লাস’ গ্রেডের ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি পেতেন। এখন ‘এ’ গ্রেডে সেই অঙ্ক ৫ কোটিতে নেমে আসায় বুমরাহর মতো তিন ফরম্যাট খেলোয়াড়ের আয় কমার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাদেজার মতো ক্রিকেটারদের কিছু ফরম্যাট থেকে অবসরের কারণে গ্রেড পরিবর্তনটা স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে, তবে বুমরাহ এখনও তিন ফরম্যাটেই খেলছেন। এ কারণেই তার পারিশ্রমিক কমানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই এখন ভাবছে কীভাবে বুমরাহকে এই আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। বোর্ডের এক সূত্র জানায়, সরাসরি ৭ কোটি থেকে ৫ কোটিতে নামিয়ে আনা ‘অন্যায্য’ হতে পারে, তাই চুক্তির মূল্যায়নে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় আছে।
এদিকে অক্ষর প্যাটেলের চুক্তিও পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি কেএল রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্তদের ‘এ’ থেকে ‘বি’ গ্রেডে নামানো হয়েছে।
সব মিলিয়ে, নতুন চুক্তি কাঠামো নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি বলেই ধারণা করা হচ্ছে। পারফরম্যান্স অনুযায়ী মূল্যায়ন ও পারিশ্রমিকের ভারসাম্য বজায় রাখতে বিসিসিআই কিছু পরিবর্তন আনতে পারে। উল্লেখ্য, সামনে আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন বুমরাহ।