স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
দুর্দান্ত দাপট দেখিয়ে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। সিডনিতে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য ছিল তাদেরই।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জাপান। ১৫ মিনিটে রিকো উয়েকির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মাইকা হামানো। বিরতির পর অভিজ্ঞ সাকি কুমাগাই ও রেমিনা চিবার গোলে বড় জয় নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়নরা।
জাপানের আক্রমণ কতটা ধারালো ছিল, তা বোঝা যায় বাতিল হওয়া গোলের সংখ্যা থেকেই, তাদের আরও তিনটি গোল অফসাইড ও হ্যান্ডবলের কারণে বাতিল হয়। কোচ নিলস নিয়েলসেনের দলটি পুরো ম্যাচেই ছিল একতরফা ছন্দে। বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা জাপান এ টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করেছে ২৮ গোল, হজম করেছে মাত্র একটি।
ম্যাচ শেষে কোচ নিয়েলসেন বলেন, “খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমনভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখা সহজ নয়, কিন্তু তারা সেটাই করেছে।” এর আগে অন্য সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফলে শনিবার একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও অস্ট্রেলিয়া।
যেখানে অস্ট্রেলিয়াকে ফাইনালে উঠতে লড়াই করতে হয়েছে, সেখানে জাপানের যাত্রা ছিল অনেকটাই মসৃণ। এখন প্রশ্ন, এই দাপুটে ফর্ম ধরে রেখে শিরোপা জিততে পারে কিনা জাপান, নাকি স্বাগতিকদের সামনে থমকে দাঁড়াবে তাদের জয়যাত্রা।