images

স্পোর্টস / ফুটবল

দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ আটে স্পোর্তিং, বোদোর বিদায়

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

প্রথম লেগে তিন গোলের ব্যবধানে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়েই ছিল আসরজুড়ে চমক দেখানো বোদো/গ্লিম্ট। কিন্তু ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে প্রত্যাবর্তনের গল্প লেখে যেই যাত্রা থামিয়ে দিয়ে শেষ আটে পা রেখেছে স্পোর্তিং লিসবন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগিজ ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার লেভারকুজেনকে বিদায় করা আর্সেনালকে।

মঙ্গলবার লিসবনে অতিরিক্ত সময়ে গড়ানো ফিরতি লেগে ৫-০ গোলের জয় পায় স্পোর্তিং। গত সপ্তাহে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল বোদো। বড় ব্যবধানে এগিয়ে থেকেও শেষ আটে যেতে পারল না নরওয়ের ক্লাবটি। নির্ধারিত সময়ের খেলা ৩-০ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময় আরও ২ গোল হজম করে তারা।

দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে উঠে স্পোর্তিং। লিগপর্বের শেষ দুই ম্যাচে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে নকআউট পর্বের প্লে-অফে উঠেছিল বোদো। সেখানে গত আসরের রানার্স-আপ ইন্টার মিলানকে দুই লেগেই হারায় তারা।

ঘুরে দাঁড়াতে মরিয়া স্পোর্তিংয়ের আক্রমণের ঝড়ের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বোদো। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য স্বাগতিকরা গোলের জন্য শট নেয় ৩৬টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১৪টি। বিপরীতে ৮টি শট নেওয়া বোদো লক্ষ্যে রাখতে পারে ৪টি।

৩৪তম মিনিটে গন্সালো ইনাসিওর গোলে প্রত্যাবর্তনের গল্পের শুরু করে স্পোর্তিং। দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রায় আধা ঘণ্টা। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো গন্সালভেজ। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে দুই লেগ মিলিয়ে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেস।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মাক্সিমিলিয়ানোর গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় স্পোর্তিং। এরপর একেবারে শেষ দিকে বোদোর ম্যাচে ফেরার আশা গুঁড়িয়ে দেন রাফায়েল নিল। ফিরতি লেগের অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠে মিকেল আর্তেতার দল। লেভারকুজেনের মাঠে প্রথম লেগের খেলা ১-১ সমতায় শেষ হয়েছিল।

ঘরের মাঠে ম্যাচের ৩৬তম মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। আগামী মাসে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও স্পোর্তিং।