স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
আফ্রিকান নেশন্স কাপের (আফকন) ফাইনালের ফলাফল দুই মাস পর উল্টে দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। প্রাথমিকভাবে জয়ী হিসেবে ঘোষিত সেনেগালের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
সিএএফ বাংলাদেশ সময় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের দিকে এসেছে। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ওই ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিতর্কিত। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শুরুতেই পাপ গেয়ের গোলে এগিয়ে যায় সেনেগাল এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় তুলে নেয়।
কিন্তু ম্যাচের শেষ দিকে একের পর এক বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত পরিস্থিতি জটিল করে তোলে। যোগ করা সময়ে সেনেগালের একটি গোল ফাউলের কারণে বাতিল করা হয়। এরপর কর্নার থেকে বল আসলে মরক্কোর ব্রাহিম দিয়াস বক্সের মধ্যে পড়ে যান। চেক করে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত নিয়ে সেনেগাল শিবিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সাইডলাইনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
কোচ পাপ থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা মাঠে ফিরলেও পরিবেশ ছিল অস্বাভাবিক। পেনাল্টি থেকে ব্রাহিম দিয়াস গোল করতে ব্যর্থ হন (এডুয়ার্ড মেন্ডি সেভ করেন)। এরপর ৯৪তম মিনিটে পাপ গেয়ের অসাধারণ গোলে সেনেগাল জয় নিশ্চিত করে।
ম্যাচের এই ঘটনাপ্রবাহ নিয়ে মরক্কো ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক অভিযোগ করে। সিএএফের অ্যাপিল বোর্ড তাদের আবেদন মেনে নিয়ে সিদ্ধান্ত দেয় যে, সেনেগালের আচরণ প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছে। ফলে শিরোপা মরক্কোর হাতে তুলে দেওয়া হয়েছে।
এই জয় মরক্কোর জন্য ১৯৭৬ সালের পর প্রথম এবং ইতিহাসে দ্বিতীয় আফকন শিরোপা। অন্যদিকে সেনেগাল ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেও তা ধরে রাখতে পারেনি।