images

স্পোর্টস / ক্রিকেট

আইসিসির সঙ্গে আলোচনা করেই বিসিবি নিয়ে সিদ্ধান্ত— ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ শুরু থেকেই। এসব অনিয়মের বিষয়ে এবার তদন্ত করতে চলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কদিন আগে বিসিবি নির্বচনে অনিয়মের অভিযোগ তুলে এনএসসিতে চিঠি দিয়েছেন ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা। এরপর এসব অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করেছে এনএসসি। 

তবে এনএসসির তদন্ত করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিসিবির এসব বিষয় নিয়ে বিতর্ক বোর্ডে ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে আইসিসি। যা আইসিসিতে বাংলাদেশের সদস্য পদ বা ক্রিকেটের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে বলেও মনে করে বিসিবি।

তবে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ সাংবাদিকদের বলেছেন, এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইসিসির সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিবে বিসিবি। ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমিনুল বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় আছি। প্রতিবেদন এলে সেটি যাচাই-বাছাই করে এবং আইসিসির সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’

তদন্ত কমিটি করার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবগুলো থেকে অভিযোগ এসেছে, বিভিন্ন জেলা পর্যায় থেকেও অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলোকে আমলে নিয়েই আমরা তদন্ত কমিটি করেছি।’ 

এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেনো খেলেনি এ বিষয়েও একটি তদন্ত কমিটি করা হবে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা আমাদের ক্রীড়া কর্তৃপক্ষের কোথায় অভাব (ঘাটতি) ছিল, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। এটা নিয়ে হয়তো ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দেব।’