images

স্পোর্টস / ফুটবল

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

অধিনায়ক স্যাম কারের জয়সূচক গোলে চীনকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। ৩৫ হাজারের বেশি দর্শকের সামনে কঠিন অ্যাঙ্গেল থেকে গোল করে দলকে জয়ের স্বাদ দেন কার। এর আগে শক্তিশালী শটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন কেইটলিন ফোর্ড, তবে পেনাল্টি থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ঝাং লিনইয়ান।

এখন সিডনিতে অনুষ্ঠিতব্য ফাইনালে জাপান অথবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, যেখানে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য তাদের। ২০১০ সালে শেষবার শিরোপা জেতা দলের একমাত্র সদস্য স্যাম কার তখন ছিলেন মাত্র ১৬ বছর বয়সী। সেই ফাইনালেও গোল করেছিলেন তিনি।

ম্যাচ শেষে আবেগাপ্লুত কার বলেন, “এই মুহূর্তে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে পৌঁছাতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়েছে। এই দলটা আমার পরিবারের মতো, শিরোপা জিততে পারলে সেটা স্বপ্নপূরণ হবে।”

ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিল অস্ট্রেলিয়া। এলি কার্পেন্টার, মেরি ফাউলার ও কেইটলিন ফোর্ডের সমন্বয়ে আসে প্রথম গোলটি। বাম দিক দিয়ে দৌড়ে উঠে কার্পেন্টারের পাস থেকে সুযোগ তৈরি করেন ফাউলার, পরে সেটি জালে জড়ান ফোর্ড। দ্বিতীয়ার্ধে চীন কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত জয়সূচক গোল এনে দেন অধিনায়ক কার।

অস্ট্রেলিয়ার কোচ জো মন্তেমুরো বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, তবে প্রথমার্ধে কিছুটা হতাশাজনক ছিল। আমরা ভালো একটি গোল করেছি, কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেলি। আরও সাহসী হয়ে খেলতে হবে।”

এশিয়ান কাপ চলাকালীন সময়ে ইংল্যান্ডের নারী লিগ থেকে অনেক খেলোয়াড় অংশ নিতে আসায় ক্লাব ফুটবলেও প্রভাব পড়েছে। ফাইনালের মাত্র তিন দিন পর আর্সেনাল ও চেলসির চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থাকায় দুই ক্লাবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না-ও পেতে পারে। এর আগে উত্তর কোরিয়াকে হারিয়ে ২০২৭ নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। এখন তাদের লক্ষ্য- আরেকটি এশিয়ান কাপ শিরোপা জেতা।