স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ভাগ্য নির্ধারণী লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম লেগে ৩-০ গোলের বড় জয় পাওয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে রিয়াল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফেদেরিকো ভালভার্দে। ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে আর্লিং হলান্ডদের গড়তে হবে অসাধারণ এক প্রত্যাবর্তন।
কাজটা সহজ হবে না পেপ গার্দিওলার দলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের পরিসংখ্যানই তাদের পক্ষে- শেষ ১৫টির মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
তবে আশা ছাড়ছে না সিটি। ২০২২/২৩ মৌসুমে একই প্রতিপক্ষকে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারানোর স্মৃতি ভরসা দিচ্ছে তাদের। সেদিন জোড়া গোল করেছিলেন বের্নার্দো সিলভা, যিনি আজও সিটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অস্ত্র। দলের প্রধান ভরসা থাকবেন হালান্ড। বড় ম্যাচে গোল করার ক্ষমতা আছে এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের, যা সিটির প্রত্যাবর্তনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
অন্যদিকে রিয়ালের আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি গত ম্যাচে পেনাল্টি মিস করলেও তার গতি ও স্কিল যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝমাঠে আবারও বড় ভূমিকা রাখতে পারেন ভালভার্দে। এদিকে প্রথম লেগের ম্যাচে কিলিয়ান এমবাপে ছিলেন না রিয়ালের স্কোয়াডে। তবে দ্বিতীয় লেগের ম্যাচ দিয়ে তিনি ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ফিরতে পারেন জুড বেলিংহামও।
এদিকে রিয়ালের বিপক্ষে প্রত্যাবর্তনের আশায় স্প্যানিশ জায়ান্টদেরই অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন সিটি কোচ গার্দিওলা। তিনি বলেন, “মাদ্রিদ কি তাদের ইতিহাসে কখনও ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার… চ্যাম্পিয়নস লিগে ৫০ বার হবেই। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে কখনও ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। তবে চেষ্টা করতে হবে আমাদের, সম্মানের জন্য, সমর্থকদের জন্য, নিজেদের দায়িত্বের জন্য মাঠে নেমে লড়াই করতে হবে।”
আবার প্রথম লেগ জিতলেও স্বস্তিতে নেই রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, “ম্যাচটা কত কঠিন হতে চলেছে তা আমরা জানি। আমাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালি তাও আমাদের অজানা নয়। জিততে হলে আমাদের অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।”
সব মিলিয়ে, একদিকে তিন গোলের লিড ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে ইতিহাস গড়ার লড়াই- এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার বিষয়, ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি কি চমক দেখাতে পারে, নাকি নিজেদের আধিপত্য ধরে রেখে শেষ আটে উঠে যায় রিয়াল মাদ্রিদ।