স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রভাব এখন ফুটবলের মাঠেও পড়তে শুরু করেছে। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে, যা এখন আরও জটিল আকার ধারণ করেছে।
ইরানের ফুটবল ফেডারেশন বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে। এই তথ্য সোমবার মেক্সিকোয় অবস্থিত ইরান দূতাবাসের এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ স্পষ্ট করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন, তখন তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি আরও যোগ করেন, ফিফার সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে ইরানের সব ম্যাচ মেক্সিকোর মাঠে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফজল পাসানদিদেহ অভিযোগ করেছেন যে, বিশ্বকাপের আগে ইরানি দলের জন্য ভিসা ইস্যু ও লজিস্টিক সাপোর্টে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা মিলছে না। তিনি ফিফাকে প্রস্তাব দিয়েছেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে নিয়ে যাওয়ার।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রুপ পর্বে ইরান গ্রুপ জি-তে রয়েছে।
দের সম্ভাব্য ম্যাচসূচি নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে (জুন ১৫/১৬)। বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে (জুন ২১)। মিশরের বিপক্ষে সিয়াটলে (জুন ২৬)। দলটির বেস ক্যাম্পও নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়। তিনি বলেন, ইরানি দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে, কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে না যাওয়াই উত্তম। এই কথাকে ইরান নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নেতৃত্বাধীন হামলা ও ইরানের পাল্টা আক্রমণের পরিপ্রেক্ষিতে।
এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে এই ঘটনা বিশ্বকাপের প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে, যা টুর্নামেন্টের সামগ্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে।
এসটি